২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে খেলতে চান মেসি


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

আরেকটি বিশ্বকাপে কি দেখা যাবে লিওনেল মেসিকে? ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবল দুনিয়ায়। এবার সেই জল্পনাতেই মুখ খুললেন আর্জেন্টাইন মহাতারকা নিজেই। জানালেন, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে খেলতে আগ্রহী তিনি—তবে শর্ত একটাই, সবকিছু নির্ভর করবে তার শারীরিক ফিটনেসের ওপর।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন,

“বিশ্বকাপে খেলা সবসময়ই বিশেষ কিছু। আমি সেখানে থাকতে চাই, আর যদি থাকি, তাহলে দলের সাফল্যে ভূমিকা রাখতে চাই।”

তিনি আরও যোগ করেন,

“ইন্টার মায়ামির পরের মৌসুমের প্রস্তুতি শুরু হলে প্রতিদিন নিজের ফিটনেস মূল্যায়ন করব। যদি শরীর সাড়া দেয়, তাহলে অবশ্যই খেলতে চাই। আগের বিশ্বকাপ আমরা জিতেছি, এবার সেটি ধরে রাখার সুযোগ পাওয়া দারুণ হবে।”

এর আগেও মেসি জানিয়েছেন, সিদ্ধান্ত নেবেন শরীরের অবস্থা দেখে। তার ভাষায়,

“শরীর যখন সাড়া দেয় না, তখন ফুটবল উপভোগ করা যায় না। আমি সবসময় নিজের সঙ্গে সৎ থাকার চেষ্টা করি—ভালো লাগলে খেলব, না লাগলে নয়।”

তবে বয়স বাড়লেও মাঠে মেসির পারফরম্যান্স এখনো ঝলমলে। চলতি এমএলএস মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে জিতেছেন নিজের প্রথম গোল্ডেন বুট। একইসঙ্গে এমভিপি (Most Valuable Player) পুরস্কারের ফাইনালিস্টও হয়েছেন তিনি। যদি এই পুরস্কার জিততে পারেন, তবে তিনি হবেন টানা দুই মৌসুমে এমভিপি জেতা প্রথম খেলোয়াড়।

বর্তমানে মেসির ফোকাস ক্লাব সাফল্যে। তার দল ইন্টার মায়ামি এমএলএস কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে তিন ম্যাচের সিরিজে খেলছে ন্যাশভিলের বিপক্ষে। প্রথম ম্যাচে ৩–১ গোলে জয় পেয়েছে মায়ামি। আসছে ২ নভেম্বর দ্বিতীয় ম্যাচে জিতলেই নিশ্চিত হবে শেষ চারে জায়গা।