অভিনেতা হাসান মাসুদ

‘ইস্কেমিক স্ট্রোক’ করেছেন অভিনেতা হাসান মাসুদ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৭:২১ অপরাহ্ন

জনপ্রিয় অভিনেতা ও সাংবাদিক হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক রাজধানীর করে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার (২৭ অক্টোবর) রাতে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা–নিরীক্ষা শেষে জানান, তিনি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং সঙ্গে মাইল্ড হার্ট অ্যাটাকও করেছেন। বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ধরনের রোগীদের সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর তার শারীরিক অবস্থার ভিত্তিতে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।

একসময় একের পর এক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন হাসান মাসুদ। তবে দীর্ঘদিন ধরেই তিনি অভিনয়জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। সম্প্রতি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসার পর জানান, তিনি আর অভিনয়ে ফিরতে চান না; বরং একটি চাকরি খুঁজছেন। অসুস্থ হওয়ার আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এখন একটা জব খুঁজছি। সেটা সাংবাদিকতা, প্রশাসনিক কাজ বা অন্য কিছু হতে পারে। আমি হারিয়ে যেতে চাই একেবারে।”

১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন হাসান মাসুদ। এরপর ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন এবং ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত বিবিসি বাংলায় কর্মরত ছিলেন। সাংবাদিকতা ছেড়ে তিনি মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। পরে ‘মেড ইন বাংলাদেশ’সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা পান। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে হাউসফুল, ট্যাক্সি ড্রাইভার, এফডিসি, খুনসুটি, গ্র্যাজুয়েট, আমাদের সংসার ও গণি সাহেবের শেষ কিছুদিন ।