দীর্ঘ এক দশক পর নতুন গানের অ্যালবাম নিয়ে ফিরছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব। তার নতুন একক অ্যালবামের নাম ‘ভাল্লাগেনা’।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে অর্ণব নিজেই এই সুখবরটি জানিয়েছেন। তিনি জানান, আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অ্যালবামটি প্রকাশ করবে ‘আধখানা মিউজিক’।
অর্ণব জানান, এই অ্যালবামের প্রতিটি গান কবিতা দিয়ে সাজানো হয়েছে। মোট আটটি গান থাকছে এতে—যার কিছু অংশ স্বনামধন্য কবিদের কবিতা থেকে অনুপ্রাণিত, আর কিছু লিখেছেন অর্ণব নিজে ও তার ঘনিষ্ঠ গীতিকার তৌফিক ও রাজীব। সব ক’টি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্ণব নিজেই।
অর্ণব বলেন,
“দশ বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছি। ভেতরে ভেতরে আমি খুবই উচ্ছ্বসিত। অনেকদিনের ইচ্ছে ছিল কবিতা নিয়ে কাজ করার, এবার সেটা সম্ভব হয়েছে। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।”
অ্যালবামটির আনুষ্ঠানিক প্রকাশনা হবে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীর এক রেস্তোরাঁয়। অনুষ্ঠানে অ্যালবামের প্রথম গান উন্মুক্ত করা হবে। সব গান একসঙ্গে শোনা যাবে অর্ণবের অফিসিয়াল স্পটিফাই চ্যানেলে।
আপনার মতামত লিখুন :