মুক্তি পেল প্রয়াত জুবিন গার্গের শেষ সিনেমা ‘রই রই বিনালে’


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন

বলিউড ও আসামের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর প্রায় দেড় মাস পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল তার অভিনীত শেষ সিনেমা ‘রই রই বিনালে’। প্রিয় শিল্পীকে শেষবারের মতো বড় পর্দায় দেখতে সিনেপ্রেমী দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছেন প্রেক্ষাগৃহে।

শুক্রবার (৩১ অক্টোবর) আসামজুড়ে মুক্তি পায় সিনেমাটি, যা ছিল জুবিনের স্বপ্নের প্রকল্প। গল্প ও সংগীত দুটোই ছিল তার নিজের সৃষ্টি। ছবিতে তিনি অভিনয় করেছেন এক অন্ধ শিল্পীর চরিত্রে।

সিনেমা মুক্তির পর থেকেই দেখা গেছে অভূতপূর্ব দর্শক আগ্রহ। মুক্তির প্রথম দিনেই রাজ্যের ৯০টি প্রেক্ষাগৃহের সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে যায়। আসামসহ ভারতের ৪৬টি শহরের প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।

প্রতিটি সিনেমা হলে এখন দর্শকের উপচে পড়া ভিড়। দর্শকদের চাহিদা সামলাতে হল মালিকরা সকাল ৬টা এবং রাত ১২টার শো চালু করেছেন।

আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গোগোই প্রয়াত গায়কের স্মরণে ছবিটিকে ট্যাক্স-ফ্রি করার আহ্বান জানিয়েছেন। এছাড়া, সিনেমাটি থেকে প্রাপ্ত জিএসটি’র পুরো অর্থ দান করা হবে ‘কালাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’-এ।

জুবিন গার্গের এই শেষ চলচ্চিত্রটিকে অনেকে দেখছেন তার শিল্পজীবনের প্রতীকী উপস্থাপন হিসেবে — এক শিল্পীর জীবন, সুর ও স্বপ্নের অবিনাশী প্রতিধ্বনি।