সরকার চাইলে জানুয়ারিতেই নির্বাচন হতে পারে: নুর


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার চাইলে আগামী জানুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। তিনি বলেন, “জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে, এখন নির্বাচনে কোনও বাধা নেই। তাই সরকারকে বলব— জানুয়ারিতেই নির্বাচন দিন, নতুন বছরের প্রথম মাসেই জাতি ভোটের মাধ্যমে নতুন সূচনা পাক।”

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নুর আরও বলেন, “রাজনৈতিক ফায়দা হাসিল ও মানুষকে বিভ্রান্ত করার জন্যই এখন গণভোটের দাবি তোলা হচ্ছে। পর্দার আড়ালের অনেক আলোচনা আমরা জানি। কেউ কেউ বিরোধী দলের আসন পেতে দেনদরবার করছে। কেউ আবার ১০টা না ১৫টা আসনের ভাগ পেতে গণভোটকে টুলস হিসেবে ব্যবহার করছে।”

নুরের মতে, এখনই সুষ্ঠু ও সময়োপযোগী নির্বাচনের উদ্যোগ নিলে দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরে আসবে এবং জনগণ তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবে।