জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোটের সুযোগ নেই। তিনি অভিযোগ করেছেন, বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার, এবং তারা মিথ্যা প্রচার চালিয়ে জাতিকে প্রতারণা করছে।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে একাত্তরের ইতিহাস ভুলিয়ে দিতে চায়। কিন্তু তারা সফল হবে না, কারণ একাত্তরই আমাদের জন্মের ইতিহাস। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারত না। আমাদের ৩১ দফার ঘোষণায় সব সংস্কারের বিষয় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরা সংস্কারের পক্ষে। কিন্তু গণভোট বা পিআর না হলে নির্বাচন হবে না—এমন কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।”

বিএনপি মহাসচিব দাবি করেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। তিনি বলেন, “আমরা এখনো শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। প্রধান উপদেষ্টার বাসভবন বা নির্বাচন কমিশন ঘেরাও করিনি। অথচ একটি দল জোর করে নিজেদের মত চাপিয়ে দিতে চায়।”

দেশ কঠিন সময় অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন, “গণভোটের প্রয়োজন ছিল না, তবুও আমরা সমর্থন জানিয়েছি। এখন আবার তারা গণভোট আগে করতে চায়। নির্বাচন ঘিরে হামলার আশঙ্কার কথা বলা হচ্ছে, কিন্তু কারা হামলা করতে পারে—তা স্পষ্ট করা হয়নি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “ভারতে বসে শেখ হাসিনা যেভাবে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, তাতে মনে হয় তিনি পালিয়ে গেছেন। আমরা ভারত সরকারের কাছে অনুরোধ করছি, তাকে দেশে ফিরিয়ে দিন, কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।