বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করার প্রবণতা দেখা যায়, যা রাষ্ট্র ও সমাজের জন্য ক্ষতিকর।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাসেমী পরিষদ আয়োজিত ‘আজমাতে সাহাবা’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা মদিনার ইসলামের অনুসারী, মওদুদীর ইসলামের না। যারা ফেতনা সৃষ্টি করে বিভেদ ঘটাতে চায়, তাদের থেকে দূরে থাকতে হবে। ইসলামকে রাজনীতির হাতিয়ার বানানো যাবে না।”
তিনি আরও বলেন, “আমাদের শেখা উচিত আগের আওয়ামী লীগ সরকারের ভুল থেকে। তারা ইসলাম, মুসলিম ও আলেম বিদ্বেষী রাজনীতি করেছে। সেই রাজনীতির নির্মম পতন হয়েছে। তাই আমাদের আদর্শিক রাজনীতি করতে হবে, যাতে অপরাজনীতি দূর হয় এবং সুস্থ রাজনীতির সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়।”
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তে ওলামা ইসলামের সভাপতি মুফতি মাওলানা মনির কাশেমী।
এসময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের খলিল আহমাদ কুরাইশী, জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, হেফাজতের যুগ্ম মহাসচিব নাসিরউদ্দিন মনির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আবু আল ইউসুফ খান টিপু, প্রমুখ নেতারা।
আপনার মতামত লিখুন :