ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হলেও, এর প্রভাবে রাজধানীসহ দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার রাতের মধ্যেই দেশের ১০ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বা দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট জেলার উপর দিয়ে শনিবার বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং আগামী ৫ দিনও বৃষ্টিপাতের প্রবণতা চলতে পারে। পাশাপাশি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বাধিক বৃষ্টিপাত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬২ মিলিমিটার, এবং সর্বনিম্ন তাপমাত্রা সেখানে রেকর্ড করা হয়েছে ২০.৭ ডিগ্রি সেলসিয়াস।
আপনার মতামত লিখুন :