তুরস্ক থেকে দেশে ফিরেছেন সাড়ে পাঁচ লাখ সিরীয় শরণার্থী


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে তুরস্কে আশ্রয় নেওয়া প্রায় ৫ লাখ ৫০ হাজার সিরীয় শরণার্থী দেশে ফিরে গেছেন বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া। শনিবার (১ নভেম্বর) ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে তুরস্কে প্রায় ২৪ লাখ সিরীয় শরণার্থী অবস্থান করছেন, যদিও একসময় এই সংখ্যা ছিল ৩৫ লাখেরও বেশি।

অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ২০২৪ সালের ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর থেকে মোট ১১ লাখ ৬০ হাজার সিরীয় নাগরিক নিজ দেশে ফিরেছেন এবং প্রায় ১৯ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ তাদের নিজ গৃহে ফিরে যেতে সক্ষম হয়েছেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এখনও ৭০ লক্ষাধিক সিরীয় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং ৪৫ লাখেরও বেশি শরণার্থী বিদেশে অবস্থান করছেন।