মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোনোরা রাজ্যের এরমোসিয়ো শহরে একটি ডিস্কাউন্ট দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জন নিহত ও ডজনখানেক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় উৎসবের আনন্দ শোকে পরিণত হয়েছে পুরো অঞ্চলে। সেদিন দেশজুড়ে ‘মৃতদের দিন’ (Day of the Dead) উদ্যাপিত হচ্ছিল—এ দিনে মেক্সিকোর মানুষ তাদের প্রয়াত স্বজনদের স্মরণ করে।
অগ্নিকাণ্ডের ঘটনায় সোনোরার গভর্নর আলফোনসো দুরাসো জানিয়েছেন, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে বিস্তৃত ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অধিকাংশ মানুষ বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধে মারা গেছেন, জানিয়েছেন রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, দোকানটির বাইরে থাকা বেশ কয়েকটি গাড়িও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এবং সহায়তাকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রেড ক্রস সোনোরা জানিয়েছে, তাদের ৪০ কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে কাজ করেছে।
যদিও আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, এখনো অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটিকেই দায়ী করা হচ্ছে।
শহরের কর্মকর্তারা জানিয়েছেন, জনপ্রিয় ডিস্কাউন্ট চেইন ওয়ালডো’সের দোকানটি কোনো হামলার লক্ষ্যবস্তু ছিল না। দমকল বিভাগের প্রধান জানিয়েছেন, বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :