কোয়ান্টাম ফাউন্ডেশন

স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে বিশেষ সম্মাননা পেল কোয়ান্টাম ফাউন্ডেশন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন

দেশে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কোয়ান্টাম ফাউন্ডেশন পেয়েছে বিশেষ সম্মাননা।

রবিবার সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান কোয়ান্টামের পক্ষে সম্মাননা স্মারক তুলে দেন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর রাবিয়া নাজরীনের হাতে।

এ সময় সন্ধানী, বাঁধন, রেড ক্রিসেন্ট, বাংলাদেশ পুলিশ হাসপাতাল, রোটারি ক্লাব এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিকেও রক্তদান ও চক্ষুদান কার্যক্রমে অবদানের জন্য সম্মাননা জানানো হয়।

কোয়ান্টামের নিয়মিত রক্তদাতা মুস্তফা আশরাফ সিদ্দিকী ও সৈয়দা রাবেয়া বসরী সর্বোচ্চ দাতা হিসেবে বিশেষ স্বীকৃতি পান।

‘রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি’— এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানের সহযোগিতায় ছিল সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেম, মহাসচিব ডা. মোহাম্মদ মনির হোসেন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, সন্ধানীর সদস্য ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এর আগে সকালে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে জাতীয় শহীদ মিনার থেকে শাহবাগে সুপার স্পেশালাইজড হাসপাতাল চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।