আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা: খালেদা জিয়া দিনাজপুরে, তারেক রহমান বগুড়ায়
বাংলার মুখ ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ৬:২৬ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন থেকে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন বগুড়া–০৬ আসনে।
আজ সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, বাকি আসনগুলোতে প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে এবং কিছু আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হবে।
এর আগে দুপুরে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে প্রার্থী চূড়ান্তকরণসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আর ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমেদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :