ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৩ নভেম্বর) গুলশানে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
প্রাথমিকভাবে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপি নেতা ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৬ আগস্ট বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের দলের সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে।
বাকি প্রধান প্রার্থীরা হলেন: চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬, আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন করবেন। জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ভোলা-৩ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ফজলুর রহমান ২০০৭ সালে বিএনপিতে যোগদান করেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে ওই আসন থেকে দু’বার সংসদ নির্বাচনে অংশ নেন এবং প্রতিপক্ষ ও রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন নির্যাতনের শিকার হন। এমনকি এক সময়ে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিদেশে আশ্রয় নিতেও বাধ্য হন।


আপনার মতামত লিখুন :