যথাসময়ে প্রার্থী ঘোষণা করবে জামায়াতে ইসলামী: আমির ডা. শফিকুর রহমান


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ১২:২১ অপরাহ্ন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী যথাসময়ে দলের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বিদেশ সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা প্রায় এক বছর আগে থেকেই আঞ্চলিকভাবে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করেছি। তবে চূড়ান্ত তালিকা কেন্দ্র থেকে যথাসময়ে ঘোষণা করা হবে। আমরা একা নির্বাচন করছি না, দেশ ও জাতির স্বার্থে অন্যান্য সহযোগী দলগুলোকেও সঙ্গে নিয়ে সমন্বয়ের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে।”

তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে আমির নির্বাচিত হইনি; সহকর্মীরা আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ ও দ্বীনের স্বার্থে এই দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর দাবি জানান জামায়াতের আমির।

রাজনৈতিক মতভেদ প্রসঙ্গে তিনি বলেন, “দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে, সেটিই গণতন্ত্রের সৌন্দর্য, তবে মতবিরোধে যেন তা রূপ না নেয়।”

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যান ডা. শফিকুর রহমান। পরে তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন।