ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন দেওয়া কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে দল। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। তবে বিএনপি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। সেই তালিকায় কামাল জামান মোল্লার নামও ছিল।
মনোনয়ন ঘোষণা হওয়ার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কামাল জামান মোল্লা উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জয় বাংলা।” ভিডিওতে তিনি এ সময় জিহ্বায় কামড় দেন।
বিএনপির এই পদক্ষেপে মনোনয়ন স্থগিত হওয়া কামাল জামানের ভবিষ্যৎ চূড়ান্ত প্রার্থী তালিকায় কী হবে, তা এখনও নিশ্চিত নয়।


আপনার মতামত লিখুন :