আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জোট বা সমঝোতা কেবল আদর্শিক অবস্থানের ভিত্তিতে হতে পারে। জুলাই সনদে উত্থাপিত সংস্কার দাবি যেসব দল মেনে নেবে, তাদের সঙ্গে জোট বিবেচনা করা হবে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত গাজী সালাহউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। নিহত সালাহউদ্দিনের পরিবারের প্রতি সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন নাহিদ।
তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে আহত অনেক যোদ্ধা এখনও চিকিৎসাহীন অবস্থায় কষ্ট পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে শহীদের সংখ্যা বাড়ছে। তিনি সরকারকে আহত ও শহীদ পরিবারগুলোর দীর্ঘমেয়াদি চিকিৎসা ও আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এনসিপি এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তবে গণতান্ত্রিক লড়াইয়ে অবদান রাখা নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে কিছু আসনে প্রার্থী দেবে না — যার মধ্যে বেগম খালেদা জিয়ার আসনও থাকতে পারে।
তিনি আরও বলেন, নির্বাচনে টাকার প্রভাব ও গডফাদার সংস্কৃতিকে প্রতিহত করে চিন্তাশীল, কর্মঠ, শিক্ষক, ইমাম ও সাধারণ মানুষের প্রতিনিধি সংসদে পাঠাতে চায় এনসিপি।
সাক্ষাৎকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :