তানজিন তিশা

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ডের পক্ষ থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার (৫ নভেম্বর) এ মামলা করা হয়। মামলাটি করেন প্রতিষ্ঠানের নির্বাহী মো. আমিনুল ইসলাম।

অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা ব্র্যান্ডটির কাছ থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি প্রমোশনের জন্য নিলেও নির্ধারিত প্রচারণা ও মূল্য পরিশোধ করেননি। বরং পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ বিষয়ে তিশা সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, শাড়িটি তাকে উপহার দেওয়া হয়েছিল। এতে ব্র্যান্ডটির সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়।

এর আগে তিশাকে আইনি নোটিশ পাঠিয়ে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। তবে নির্দিষ্ট সময়ে তিশার কোনো জবাব না পাওয়ায় আদালতে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।