বাংলাদেশ ব্যাংক চার মাস পার হলেও জুন প্রান্তিকের খেলাপি ঋণের তথ্য প্রকাশ করেনি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, প্রকৃত তথ্য প্রকাশ করলে ব্যাংক খাতে অস্থিরতা তৈরি হতে পারে।
তথ্য গোপন রাখাকে অর্থনীতির জন্য ভয়াবহ সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে জানা যায়, খেলাপি ঋণের হিসাব কয়েক মাস আগে প্রস্তুত হলেও গভর্নরের অনুমোদন না পাওয়ায় তা প্রকাশ করা হয়নি।
গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা। বিশ্লেষকদের ধারণা, এপ্রিল–জুন প্রান্তিকে এটি ছাড়িয়ে ৬ লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে। আর তা প্রকাশ হলে ব্যাংক খাতে অস্থিরতা আরও বৃদ্ধি পেতে পারে।
সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, খেলাপি ঋণের তথ্য প্রকাশ করলে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ক্ষুণ্ণ হতে পারে।
বিশ্লেষকরা বাংলাদেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি ও আইন প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
আপনার মতামত লিখুন :