ঢাকা-১৮ আসন থেকে প্রার্থী হওয়ার গুঞ্জন মীর স্নিগ্ধর


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা ও স্নিগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৮ আসন থেকে দলের মনোনয়ন পেতে পারেন স্নিগ্ধ। যদিও বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শহীদ পরিবারের একজন সদস্যের সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ তরুণ ভোটার এবং জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

ঢাকা-১৮ আসনটি গঠিত হয়েছে উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ ওয়ার্ড এবং বৃহত্তর উত্তরায় অবস্থিত ৬টি থানা এলাকা নিয়ে।

স্নিগ্ধকে এই আসনে মনোনয়ন দেওয়া হলে তা তরুণ ভোটার এবং জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে দলের হাইকমান্ড। বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে ঢাকা-১৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা না করায়, স্নিগ্ধর মনোনয়নের গুঞ্জন আরো জোরালো হচ্ছে।