নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবি জানিয়ে যমুনায় আট ইসলামি দলের স্মারকলিপি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ৩:১০ অপরাহ্ন

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট ইসলামি দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এর নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’তে পৌঁছে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলে খেলাফত মজলিস, জাগপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও অন্যান্য ইসলামী দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে শাপলা চত্বর ও পল্টন এলাকায় কর্মী-সমর্থকরা সমাবেশ করে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ মৎস্য ভবন এলাকায় তাদের কিছুক্ষণ আটকে রাখে। পরিস্থিতি মোকাবিলায় শাহবাগ, পল্টন ও কাকরাইলসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

আট দলের পাঁচ দফা দাবি:

  1. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ জারি এবং নভেম্বরে গণভোট আয়োজন

  2. জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু

  3. নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা

  4. ‘ফ্যাসিস্ট সরকারের’ গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা

  5. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আন্দোলনমুখী ধারা আরও তীব্র হতে পারে।