‘পাখির খাদ্য’ দেখিয়ে পাকিস্তান থেকে আনা হলো নিষিদ্ধ পপি বীজ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন

পাকিস্তান থেকে ‘পাখির খাদ্য’ হিসেবে ঘোষণা দিয়ে আমদানি করা দুটি কনটেইনার থেকে ২৫ টন নিষিদ্ধ পপি বীজ (পোস্তদানা) জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কাস্টমসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামের কোরবানিগঞ্জের মেসার্স আদিব ট্রেডিং নামের প্রতিষ্ঠানটি ৩২ টন পাখির খাদ্য আমদানির ঘোষণা দিয়ে চালানটি দেশে আনে। গত ৯ অক্টোবর চট্টগ্রাম বন্দরে নামানো এ চালান পরে খালাসের জন্য একটি বেসরকারি ডিপোতে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস চালানটি খালাস স্থগিত করে পরীক্ষা করে।

২২ অক্টোবর কনটেইনার খোলার পর দেখা যায়, সামনের দিকে সামান্য পাখির খাদ্য রেখে ভেতরে লুকিয়ে আনা হয়েছে বিপুল পরিমাণ অঙ্কুরোদগমযোগ্য পপি বীজ, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ‘ক’ শ্রেণির মাদক। ল্যাব পরীক্ষায় নমুনা পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হয়।

চট্টগ্রাম কাস্টমস জানায়, ঘোষণাপত্রে পণ্যের মূল্য দেখানো হয়েছিল ৩০ লাখ টাকার সামান্য বেশি, তবে উদ্ধার করা পপি বীজের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা। আমদানি নীতি আদেশ অনুযায়ী এ ধরনের পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ।

কাস্টমস কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারক ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।