জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গণমাধ্যমে প্রকাশিত এ অভিযোগ অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, ২০২২ নারী বিশ্বকাপের সময় দলের ম্যানেজমেন্টের কয়েকজন সদস্য তাকে ‘অশোভন প্রস্তাব’ দেন। তিনি দাবি করেন, ওই প্রস্তাবে সাড়া না দেওয়ায় সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম ইচ্ছাকৃতভাবে তাকে দল থেকে বাদ দেন। একই সঙ্গে তিনি প্রয়াত তৌহিদ মাহমুদ ও বিসিবি কর্মকর্তা সরফরাজ বাবুর বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ করেন।
তবে মঞ্জুরুল ইসলাম এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। সরফরাজ বাবু বলেছেন, “প্রমাণ ছাড়া মৃত ব্যক্তির নাম টেনে আনা দুঃখজনক।”
বিসিবি জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বোর্ড আরও জানায়, খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতেই এ তদন্তের উদ্যোগ।
এ নিয়ে জাহানারার আগের অভিযোগও বিসিবি ‘অসত্য ও মনগড়া’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছিল। তবে সর্বশেষ অভিযোগগুলো সামনে আসার পর এবার বিসিবি আনুষ্ঠানিক তদন্তে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :