মির্জা ফখরুল

উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করতে চায়


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ৬:১৭ অপরাহ্ন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি পূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকার নিজেই জাতীয় নির্বাচন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করছে।

শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি স্পষ্ট করে বলেন, “গণভোট হলে সেটি নির্বাচনের দিনেই হতে হবে। আলাদা করে গণভোট আয়োজন অর্থ ও প্রক্রিয়াগতভাবে অযৌক্তিক।”

তিনি আরও অভিযোগ করেন, একটি দল জোট গঠন করে নির্বাচনের পূর্বে গণভোটের জন্য চাপ সৃষ্টি করছে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বিরোধী।

র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ ও বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।