নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিলেন ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ৪:১০ অপরাহ্ন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)–এর চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী তার বিরুদ্ধে ওঠা ৮ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টাল তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে, যা তার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিচালিত।

শওকত আলী চৌধুরী বলেন, তিনি আশির দশক থেকে ব্যবসা করছেন এবং ব্যাংকিং, বিমা, শিপ রিসাইক্লিং, চা, সিরামিকস, আবাসন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন। তার ৪০ বছরের ব্যবসায়িক জীবনে তিনি কখনো ঋণ খেলাপি, পুনঃতফসিল বা সুদ মওকুফের আবেদনকারী ছিলেন না।

তিনি দাবি করেন, প্রতিটি ব্যাংকের ঋণ সময়মতো পরিশোধ করেছেন, এবং ব্যাংক হিসাবের ৮ হাজার কোটি টাকার লেনদেন স্বাভাবিক ব্যবসায়িক প্রক্রিয়া।

তিনি আরও উল্লেখ করেন, তিনি ও তার পরিবার ২০১৩–১৪ থেকে ২০২৩–২৪ পর্যন্ত টানা ১১ বছর সেরা করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক পুরস্কৃত হয়েছেন।

তার মতে, একটি স্বার্থান্বেষী মহল ইস্টার্ন ব্যাংকের নাম ব্যবহার করে তার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, ইস্টার্ন ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সব নিয়ম-নীতি মেনে চলে, এবং তার বিরুদ্ধে কোনো সরকারি সংস্থার অভিযোগ নেই।