ভেস্তে গেল নিষিদ্ধ আ. লীগের বেলুন উড়ানোর পরিকল্পনা, গ্রেপ্তার ২৫ নেতা-কর্মী


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ৯:৪০ অপরাহ্ন

রাজধানী ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক ব্যতিক্রমী প্রচারণা পরিকল্পনা ভেস্তে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও আশপাশের এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে দলীয় স্লোগান সংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোর প্রস্তুতি নিচ্ছিল সংগঠনটি। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি।

ডিবির বিভিন্ন বিভাগ সমন্বিত এই অভিযানে মিরপুর, রমনা, মতিঝিল, ওয়ারী, উত্তরা, তেজগাঁও, লালবাগ, গুলশান ও সাইবার বিভাগ অংশ নেয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা শুধু বেলুন উড়ানোর পরিকল্পনাই নয়, বরং ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্রেও জড়িত ছিলেন। তাদের লক্ষ্য ছিল আগামী ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব কর্মসূচি বাস্তবায়ন করা।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ, সাবেক থানা পর্যায়ের আওয়ামী লীগ নেতা এ বি এম নুরুল হক, শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী লীগের নেতা মাহবুব রহমান, পল্টন থানা যুবলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সিলেট মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মরিয়ম পারভীনসহ আরও অনেকে।

পুলিশ সূত্র জানায়, এই দলটি রাজধানীতে সংগঠিত হয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পনা করেছিল। বেলুন উড়িয়ে দলীয় বার্তা প্রচার, ঝটিকা মিছিল এবং শহরের বিভিন্ন মোড়ে অরাজকতা সৃষ্টি ছিল তাদের কর্মসূচির অংশ।

ডিবির এক কর্মকর্তা জানান, “আমরা পরিকল্পনার গোড়াতেই বিষয়টি শনাক্ত করতে পেরেছি। যারা নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।” বর্তমানে গ্রেপ্তার ২৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অন্য সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে।