খন্দকার সুমন ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক জুরিতে
বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Bogura International Film Festival – BIFF 2026)-এর আন্তর্জাতিক জুরি হিসেবে আমন্ত্রিত হয়েছেন। আয়োজক পুন্ড্রনগর ফিল্ম সোসাইটি, বগুড়া সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছে।
উৎসবটি আগামী ৮ থেকে ১০ জানুয়ারি ২০২৬ তারিখে মধুবন সিনেপ্লেক্স, বগুড়া শহরে অনুষ্ঠিত হবে।
এই বছরের উৎসবে ৩২টি দেশের ৭১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, যা ৭টি ভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। উৎসবের জুরি বোর্ডে দেশি-বিদেশি বহু অভিজ্ঞ নির্মাতা, ফিল্ম স্কলার ও কিউরেটর অংশ নিচ্ছেন।
১। আন্তর্জাতিক জুরি (ফিচার ফিল্ম)
খন্দকার সুমন – চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশ
আনাস্কিন সার্জে – ফিল্ম স্কলার, রাশিয়া
২। ন্যাশনাল কম্পিটিশন (শর্ট ও ডক ফিল্ম)
শেখ রাজিবুল ইসলাম – সিনেমাটোগ্রাফার
ড. শরিফুল ইসলাম – সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, এনএসইউ
৩। আন্তর্জাতিক জুরি (প্রামাণ্যচিত্র)
মোহাম্মদ রাকিবুল হাসান – চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশ
৪। আন্তর্জাতিক জুরি (শর্ট ফিল্ম)
শান্তুনু গাঙ্গুলি – ফিল্ম কিউরেটর, ভারত
মারিয়ম ঘাসেমি – নির্মাতা, ইরান
৫। আন্তর্জাতিক জুরি (অ্যানিমেশন ফিল্ম)
আলেক্সান্ডার মোরোও – নির্মাতা, রাশিয়া
৬। আন্তর্জাতিক জুরি (ফেস্টিভ্যাল মেনশন অ্যাওয়ার্ড)
সন্তোষ সুবেদী – চেয়ারম্যান, নেপাল কালচারাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নেপাল
৭। আন্তর্জাতিক জুরি (ওপেন ডোর শর্ট)
অন্তু আজাদ – চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশ
খন্দকার সুমন এর আগেও নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একাধিক আন্তর্জাতিক উৎসবে তাঁর অংশগ্রহণ ও অবদান তাঁকে সমকালীন দক্ষিণ এশীয় চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একটি বিশিষ্ট অবস্থানে এনে দিয়েছে।
ফেস্টিভ্যাল ডিরেক্টর সুপিন বর্মন বলেন,
“আমরা গর্বিত যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন আমাদের আন্তর্জাতিক জুরিতে যুক্ত হচ্ছেন। তাঁর অভিজ্ঞতা ও চলচ্চিত্রচিন্তা এই উৎসবকে আরও সমৃদ্ধ করবে।”
খন্দকার সুমনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’ (Memories of Gloomy Monsoons) ২০২২ সালে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI)-তে প্রিমিয়ার হয় এবং পরবর্তীতে আন্তর্জাতিকভাবে প্রশংসা পায়। বর্তমানে তিনি ‘মাষান’ নামের নতুন চলচ্চিত্রে কাজ করছেন, যা মিথ ও লোককথা নির্ভর এক গল্প।
বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এখন উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আয়োজনে পরিণত হয়েছে, যেখানে দেশি-বিদেশি নির্মাতা, গবেষক ও দর্শক একত্রিত হন সিনেমার ভাষায় নতুন সংলাপ তৈরি করতে।
আপনার মতামত লিখুন :