ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটের দিকে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্ডাই আই-২০ গাড়িতে এ বিস্ফোরণ ঘটে।
দিল্লি পুলিশ জানিয়েছে, এটি ছিল অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছিন্নভিন্ন মরদেহ ও ক্ষতিগ্রস্ত গাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। মোট নয়টি যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা বলেন, লালকেল্লার ট্রাফিক সিগন্যালে থেমে থাকা গাড়িটিতে বিস্ফোরণ ঘটে, যাতে যাত্রীও ছিল। বিস্ফোরণের পর আশপাশের কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়।
দিল্লি ফায়ার সার্ভিসের উপ-প্রধান একে মালিক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিস্ফোরণের পরপরই কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) তদন্তে নেমেছে। এ ঘটনায় মুম্বাই, কলকাতা, জয়পুর, হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও কেরালাসহ বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। হাসপাতালের বাইরে স্বজনদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এলাকা।
বিস্ফোরণের পর পুরো লালকেল্লা ও আশপাশের এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ বা দায় স্বীকারের কোনো তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :