মীর স্নিগ্ধ

হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ–অভ্যুত্থানে নিহত মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)-এর জমজ ভাই ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া তরুণ নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হবে, ততদিন সকাল-বিকেল, সজ্ঞানে কিংবা স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে।”

তিনি আরও লেখেন, “যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা ঘৃণা থেকেই আসে। এই স্বৈরাচার শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই।”

সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া মীর স্নিগ্ধ জানিয়েছেন, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার লক্ষ্যেই তার এই যোগদান।

তিনি বলেন, “বিএনপির মাধ্যমে আমি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে পারব। দলের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার অনেকগুলোতেই আমি সরাসরি কাজ করতে আগ্রহী।”

মীর স্নিগ্ধ জানান, তার ভাই মুগ্ধ কিংবা পরিবারের কেউ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের প্রতিনিধিত্বের জন্য তাকে দলে চেয়েছেন। তিনি এটিকে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত ও রাজনৈতিক দায়িত্ব হিসেবে দেখছেন।