যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা সমমনা ৮ দলের


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন

আগামী ১৬ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল। বুধবার (১২ নভেম্বর) এক যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলগুলোর নেতারা।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) পল্টনে আয়োজিত সমাবেশে দলগুলো অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি উত্থাপন করে।

সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালে কোনো নির্বাচন হবে না। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে।” তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে—এই দাবিতে দেশের সব রাজনৈতিক দল একমত। তাহলে তারিখ নিয়ে টালবাহানা কেন?”

সমমনা আটটি দলের এই যৌথ আন্দোলনের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং গণআন্দোলনে নিহতদের বিচার ও ক্ষতিপূরণ। উল্লেখ্য, গত ৬ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বে সমমনা দলগুলো প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দেয়। এই আন্দোলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।