কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে নাওডোবা এলাকায় অবস্থান নিয়ে তারা সড়কে টায়ারে আগুন জ্বালান ও ককটেল বিস্ফোরণ ঘটান। এতে সেতু হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এক পর্যায়ে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বিক্ষোভকারীরা দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে।
অবরোধের কারণে সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সকাল সাড়ে ৮টার পর কিছু যানবাহন পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়ের মূল অংশে চলাচল বন্ধ ছিল। ফলে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, সকাল থেকে এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নেন। পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ট্রাকে আগুন দেয়। পরে পুলিশ নিরাপত্তা দিয়ে আটকে পড়া যানবাহন পারাপারে সহায়তা করে।
শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, “গতকাল ঢাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আজ আবার পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। ফলে নিরাপত্তার কারণে সড়কে বাস চলাচল বন্ধ রেখেছি।”
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু করা হবে।
আপনার মতামত লিখুন :