থাইল্যান্ডে ১২১টি দেশের সুন্দরীদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। প্রতিযোগিতার ‘পিপলস চয়েস’ বিভাগে চমক দেখিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত মিথিলা পেয়েছেন ২ লাখ ৮১ হাজারেরও বেশি ভোট, যা তাকে তালিকার দ্বিতীয় স্থানে তুলে এনেছে। তিনি চিলির সুন্দরী ইন্না মলকে পেছনে ফেলেছেন। বর্তমানে শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়ার আহতিসা মানালো, তাকে ছাড়িয়ে যেতে মিথিলার প্রয়োজন আরও প্রায় ২৯ হাজার ভোট।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মিথিলা ফেসবুক পোস্টে লিখেছেন, “বাংলাদেশের ১০ লক্ষ মানুষ যদি প্রতিদিন ১০টা করে ভোট দেয়, তাহলে কয়েক কোটি ভোট হবে—কেবল ভোটের অভাবে দেশের প্রতিনিধি হেরে যাওয়া মেনে নেওয়া যায় না।”
ভোট গ্রহণ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ইতোমধ্যে মিথিলা ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’-এ প্রথম, ‘মিস কনজেনিয়ালিটি’-তে দ্বিতীয়, ‘বেস্ট ইভিনিং গাউন’-এ দ্বিতীয় এবং ‘বেস্ট স্কিন’-এ তৃতীয় অবস্থানে রয়েছেন।
ফুকেটে প্রাথমিক কার্যক্রম শেষ করে বর্তমানে তিনি পাতায়ায় অবস্থান করছেন। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ মুকুটজয়ী এই মডেল ও অভিনেত্রী নিজের প্রতি দেশবাসীর আস্থা অর্জনে আশাবাদী।
আপনার মতামত লিখুন :