রেকর্ডের হাতছানিতে দাঁড়িয়ে ৩০১ লিড নিয়ে ইনিংস ঘোষণা


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ৩:২০ অপরাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে দ্বিতীয় দিন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ। আজও সেই দাপট ধরে রেখে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে টাইগাররা।

দলের ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সে গড়া হয়েছে একাধিক রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শীর্ষ চার ব্যাটারই ফিফটি হাঁকালেন। ওপেনার মাহমুদুল হাসান জয় খেলেছেন দুর্দান্ত ১৭১ রানের ইনিংস, সাদমান ইসলাম করেছেন ৮০ রান। তাদের অনুসরণে মুমিনুল হক ৮২ ও নাজমুল হোসেন শান্ত ১০০ রান যোগ করেন দলের সংগ্রহে।

সেঞ্চুরির পরপরই শান্ত আউট হলেও এর মধ্যেই গড়া হয়ে গেছে আরেকটি রেকর্ড—দেশের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ (৫৮৭ রান)। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৬০ রান ছিল বাংলাদেশের সেরা ইনিংস।

তবে সুযোগ ছিল আরও দুটি রেকর্ড ভাঙার—দেশে প্রথমবারের মতো ৬০০ রান ছোঁয়া ও বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ (৬৩৮, গল ২০১৩)। কিন্তু দুটোই হাতছাড়া হয় ইনিংস ঘোষণা করার সিদ্ধান্তে।

সব মিলিয়ে সিলেট টেস্টে বাংলাদেশের ইনিংস এখন ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেছিল টাইগাররা।

এর আগে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২৮৬ রানে। ফলে বাংলাদেশ পেয়েছে ৩০১ রানের বিশাল লিড, যা ম্যাচে জয় নিশ্চিত করার মঞ্চ প্রস্তুত করে দিয়েছে।