গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। শনিবার রাত প্রায় ২টার দিকে মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে এ ঘটনা ঘটে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক রেহানা পারভিন জানান, নিরাপত্তাপ্রহরী ভিতরেই অবস্থান করছিলেন। হঠাৎ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি প্রধান ফটক ভাঙার চেষ্টা করলে তিনি বিস্ফোরণের শব্দ শুনে বাইরে তাকিয়ে ৭–৮ জনকে দৌড়ে পালাতে দেখেন। তাদের নিক্ষেপ করা তিনটি পেট্রলবোমার একটি ব্যাংকের ভেতর পড়ে সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে যায়। এতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারাও মধ্যরাতের তীব্র বিস্ফোরণ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এবং এলাকায় তীব্র পেট্রলের গন্ধ টের পান।

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রাজ্জাক জানান, ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এবং থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক বলেন, পুলিশের টহল থাকার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে, এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।