বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
টায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় এই স্বাস্থ্যসেবা ক্যাম্পটি রবিবার (১৬ নভেম্বর) কাঞ্চন পৌরসভার কালাদী নবারুণ জুট মিলস খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন গ্রামের গরীব ও অসহায় রোগীদের মাঝে সেবা প্রদান করা হয়।
মোট ১১টি বুথের মাধ্যমে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই গুরুত্বপূর্ণ সেবাগুলোর মধ্যে ছিল,আলট্রাসোনোগ্রাম,ইসিজি,ডায়াবেটিস পরীক্ষা,রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন রোগের সাধারণ চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ।
বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এসময় তাঁর বক্তব্যে বিগত সময়ের চিকিৎসা সেবার দুরবস্থা তুলে ধরেন এবং ভবিষ্যতে স্বাস্থ্যখাতে উন্নতির অঙ্গীকার করেন।
তিনি আরো বলেন, বিগত ১৭ বছর ধরে এদেশের সাধারণ মানুষ সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিল। সরকারি হাসপাতালগুলো দলীয় প্রভাবে চলার কারণে সেবাখাত প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল এবং চিকিৎসার অভাবে অনেক মানুষ অকালে মৃত্যুবরণ করেছেন।তিনি আরও উল্লেখ করেন যে, তাঁর নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফায় চিকিৎসা সেবাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করা হবে। সাধারণ মানুষ যেন হাসপাতাল থেকে স্বল্প খরচে সেবা নিতে পারে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। বিনা চিকিৎসায় কাউকে আর মরতে হবে না। আর রূপগঞ্জে একটি আধুনিক হাসপাতাল করা হবে, আমার রূপগঞ্জবাসী যেন ঢাকায় না গিয়ে এলাকায় সঠিক সেবা পেতে পারেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,টায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল হক,রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান হূমায়ুন,সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু,সহ-সভাপতি আনোয়ার সাদাৎ সায়েম,কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, ও সাংগঠনিক সম্পাদক কোহিনূর আলম,যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রোকন মিয়াসহ বিএনপির অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :