হুমকির অভিযোগে করা একটি মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী রবিবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। তাঁদের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে যাওয়ার আগে মেহজাবীন নিজের ফেসবুকে এক দীর্ঘ পোস্টে জানান, তিনি কোনো ব্যবসার সঙ্গে জড়িত নন এবং মামলাটি “সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি লিখেছেন,
“আমি একটি ভুয়া ও মিথ্যা মামলার খবর দেখে বিস্মিত। যে বা যারা এমন অভিযোগ তুলেছেন, তাদের কাউকেই আমি চিনি না। কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে আমি সরাসরি বা পরোক্ষভাবে নেই।”
মেহজাবীন আরও জানান, তিনি শুধুই অভিনয় ও নিজের পেশাগত দায়িত্বেই নিবেদিত। মিথ্যা প্রচারণা ঠেকাতে তাঁর আইনজীবী আইনি প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান তিনি।
আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন,
“একজন শিল্পী ও সচেতন নাগরিক হিসেবে সবসময় দেশের আইন, নীতি ও মূল্যবোধ মেনে চলেছি। গণমাধ্যমকর্মীদের অনুরোধ করছি—অযাচাইকৃত তথ্য প্রকাশ না করতে। আর আমার শুভাকাঙ্ক্ষীদের বলবো, বিভ্রান্তি ছড়াবেন না; সত্যের পাশে থাকুন।”
মামলাটি নিয়ে আদালতে শুনানি চলছে।
আপনার মতামত লিখুন :