জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার রায় ঘোষিত হওয়ার পরপরই ধানমন্ডি ৩২–এ জড়ো হওয়া বহু শিক্ষার্থী ও তরুণ সেজদায় লুটিয়ে পড়েন। কেউ কেউ প্রার্থনায় মগ্ন হন, শহীদদের জন্য দোয়া ও আহতদের সুস্থতা কামনা করেন।
রায় ঘোষণার মুহূর্তেই এলাকায় উল্লাস ছড়িয়ে পড়ে। মিছিল ও স্লোগানে ভরে ওঠে সড়ক। উপস্থিত জনতা শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
দিনের শুরু থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কয়েক দফা মুখোমুখি অবস্থা তৈরি হয়। সংঘর্ষ, টিয়ারশেল ছোড়া এবং ইট-পাটকেল নিক্ষেপে পরিস্থিতি এক সময় উত্তপ্ত হয়ে ওঠে।
ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। অন্য সদস্যরা ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলার আসামির তালিকায় শেখ হাসিনার পাশাপাশি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুন পরে রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়ে নিজের দায় স্বীকার করেন।
আপনার মতামত লিখুন :