জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।
রায়ের অন্য অংশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং রাষ্ট্রপক্ষের সাক্ষী হয়ে যাওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে সংগঠন ‘মৌলিক বাংলা’ শেখ হাসিনার প্রতীকী ফাঁসি মঞ্চায়ন করে। জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ কর্মসূচিতে একটি নারীর আকৃতির কুশপুত্তলিকায় শেখ হাসিনার ছবি সংযুক্ত করা হয়। দুজন জল্লাদসাজে পুতুলটিকে ফাঁসির মঞ্চে তোলে; একজন ম্যাজিস্ট্রেটের ভূমিকায় রুমাল নেড়ে সংকেত দেওয়ার পর পুতুলটিকে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়।
আয়োজকদের দাবি, প্রতীকী এ প্রদর্শনের উদ্দেশ্য সরকারকে “বার্তা দেওয়া”—যাতে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনসম্মত প্রক্রিয়ায় বিচার কার্যকর করতে পারে। সংগঠনটির নেতারা আরও জানান, তারা মঙ্গলবার ভারতীয় দূতাবাসে এ বিষয়ে স্মারকলিপি জমা দেবেন।
আপনার মতামত লিখুন :