সৌদি আরবে মদিনার কাছে ওমরাহযাত্রীবাহী একটি বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ভারতীয় নিহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) গভীর রাতে মক্কা থেকে মদিনাগামী বাসটি মুফরিহাট এলাকায় দুর্ঘটনার শিকার হয়। আগুন ধরে যাওয়ায় অধিকাংশ যাত্রী ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে।
প্রায় ৪৩ যাত্রী থাকা বাসটি থেকে শুধু একজন—২৪ বছর বয়সী মোহাম্মদ আবদুল শোয়েব—বেঁচে ফিরেছেন। চালকের আসনের পেছনে বসা শোয়েবকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা–সংক্রান্ত বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
জেদ্দায় ভারতীয় কনস্যুলেট দুর্ঘটনার পরপরই একটি কন্ট্রোল রুম খোলে এবং নিহতদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, রিয়াদে দূতাবাস ও জেদ্দার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় কাজ করছে।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, নিহতদের অন্তত ১৬ জন হায়দরাবাদের মাল্লেপল্লির বাজারঘাট এলাকার বাসিন্দা। স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই মৃত্যুর সংখ্যা শনাক্তকরণ ও মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছে।
আপনার মতামত লিখুন :