৭ কলেজ মিলিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ৫:১০ অপরাহ্ন

সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজ একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, মানসম্মত শিক্ষা, সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বরাত দিয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হবে।

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’ খসড়া তৈরি করে সংশ্লিষ্টদের মতামত আহ্বান করা হয়েছে। অনলাইন ও সরাসরি মতবিনিময় সভায় শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। খসড়া পুনর্মূল্যায়ন শেষে চূড়ান্ত অধ্যাদেশ প্রণয়নের প্রস্তুতি চলছে।

নতুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি, রেজিস্ট্রেশন ও ক্লাস পরিচালনা নিশ্চিত করতে গত ১১ নভেম্বর পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বলেছে, শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীদের পদ সংরক্ষণ, কলেজগুলোর স্বাতন্ত্র্য ও শিক্ষার্থীদের অধিকার রক্ষার বিষয়টি বিশেষভাবে দেখা হবে। ধাপে ধাপে ও বিধিবদ্ধ পদ্ধতিতে অধ্যাদেশ চূড়ান্ত করা হবে, যাতে সর্বমহলে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিশ্চিত হয়।