যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ নাটকীয়ভাবে বাড়ছে। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ঘোষণা দিয়েছেন, বিদ্যমান ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারে উন্নীত করা হবে।

ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর মঙ্গলবার সাংবাদিকদের এমবিএস বলেন, “আমরা খুব দ্রুতই জানাতে পারবো— বর্তমান বিনিয়োগ প্রায় দ্বিগুণ হয়ে ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে যাচ্ছে।”

নতুন বিনিয়োগ মূলত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উন্নত শিল্প খাতে প্রবাহিত হবে। এমবিএসের ভাষায়, “এসব চুক্তি দুই দেশের মধ্যে বড় আকারের নতুন বিনিয়োগ সুযোগ তৈরি করবে।”

ঘোষণায় বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, “মানে ৬০০ বিলিয়ন থেকে সরাসরি ১ ট্রিলিয়ন?” জবাবে এমবিএস নিশ্চিতভাবেই তা সম্ভব বলে উল্লেখ করেন। ট্রাম্প সৌদি আরবের এই প্রতিশ্রুতিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য “একটি বড় অগ্রগতি” বলে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ এটিকে দুই দেশের সম্পর্কের জন্য “একটি গুরুত্বপূর্ণ দিন” বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, বৈঠকে বেশ কয়েকটি বড় দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক নিরাপত্তায় সহযোগিতা জোরদার করবে।