রূপগঞ্জে ৩০০ ফিটে বাইক ডাকাতির ঘটনায় চারজন গ্রেফতার


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ৬:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট মহাসড়কে ফিল্ম স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্লগার জিসানের মোটরসাইকেল ডাকাতির ঘটনায় মোটরসাইকেল ছিনতাই চক্রের চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) সকালে আদমজী র‍্যাব-১১ কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার হারাগাছ থানার টেংরি এলাকার মোঃ শাজাহান মিয়ার ছেলে সানি আহমেদ সামির, পাইলাটি এলাকার সুলতানের ছেলে ইমন, ভগতিপুর এলাকার মানিক মিয়ার ছেলে রিশাদ ও পিপড়া কাটি এলাকার মহিউদ্দিনের ছেলে আরিফ হোসেন।

র‍্যাব জানায়, গত কয়েক মাস আগে রাজধানীর ৩০০ ফিট মহাসড়কে সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্লগার জিক্সার জিসানের বাইক ডাকাতির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব-১১।

গোপন সূত্রে জানা যায়, সংঘবদ্ধ ডাকাত দল সামির-তৈয়ব-রানা গ্রুপ এই ডাকাতির সাথে জড়িত। ৩০০ ফিট সড়কে সক্রিয় এই ডাকাত দলটির অস্ত্র ক্রয় করবে মর্মে একটি সংবাদ আসে র‍্যাব-১১ এর কাছে। পরবর্তীতে র‍্যাব-১১ তাদের অবস্থান শনাক্ত পূর্বক তাদেরকে গ্রেফতারের জন্যে তথ্য সংগ্রহ করতে থাকে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন র‍্যাব ১১ এর একটি টিম। পরে সামির ও তার ০৩ জন সহযোগীদের কাছ থেকে রিভলবার ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদেরকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।