দিল্লিতে অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের এনএসএ খলিলুর রহমানের বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে যোগ দিতে দিল্লিতে অবস্থানরত খলিলুর রহমান বুধবার দুপুরে এই বৈঠকে অংশ নেন।

বাংলাদেশ হাইকমিশন জানায়, বৈঠকে সিএসসির আঞ্চলিক নিরাপত্তা–সংক্রান্ত কর্মকাণ্ড ছাড়াও ঢাকা–দিল্লির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। উভয় দেশের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন দুই পক্ষ।

বৈঠকে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান খলিলুর রহমান।

কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলন বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশসহ অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর নিরাপত্তা উপদেষ্টারা আঞ্চলিক সহযোগিতা, সন্ত্রাসবিরোধী সমন্বয় এবং সামুদ্রিক নিরাপত্তা—এ তিনটির ওপর আলোচনা করবেন।