তার পর থেকেই আমার খুব কান্না পাচ্ছে : মিথিলা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসর-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতা করছেন মিথিলা। আগামীকাল ঘোষণা করা হবে মিস ইউনিভার্স ২০২৫–এর নতুন মুকুটজয়ীর নাম।

সোমবার অনুষ্ঠিত ন্যাশনাল কস্টিউম পর্বে নিজের দেশের ঐতিহ্যকে কেন্দ্র করে মিথিলা বেছে নিয়েছেন সাদা জামদানি শাড়ি—বাংলাদেশি নারীর চিরায়ত পোশাক, যার নকশায় স্থান পেয়েছে জাতীয় ফুল শাপলা। সামাজিক মাধ্যমে তিনি তার এই লুক প্রকাশ করে একে নাম দিয়েছেন “দ্য কুইন অব বেঙ্গল”।

ফেসবুক লাইভে মিথিলা বলেন, ন্যাশনাল কস্টিউম পর্বে তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন অনেকে। “স্টেজ থেকে নামার পর থেকেই আমার খুব কান্না পাচ্ছিল,” তিনি বলেন। “নিজের দেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করা একটি গভীর আবেগের অভিজ্ঞতা—যা ভাষায় প্রকাশ করা কঠিন।”

মিথিলা আরও জানান, বাংলাদেশের সংস্কৃতিকে মর্যাদার সঙ্গে তুলে ধরাই তার মূল লক্ষ্য ছিল, এবং তিনি বিশ্বাস করেন—এই কস্টিউম সেই পরিচয়কে যথাযথভাবে তুলে ধরেছে।