বিহারে রেকর্ড গড়ে দশমবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শপথ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ইতিহাস গড়ে দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনতা দল ইউনাইটেড (জেডিইউ) সভাপতি নীতিশ কুমার। স্বাধীনতার পর কোনো ভারতীয় রাজনীতিবিদের এতবার মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার ঘটনা এই প্রথম।

বৃহস্পতিবার পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে নীতিশ কুমারের সঙ্গে আরও ৩০ জন মন্ত্রী শপথ নেন। মন্ত্রিসভায় ১৬টি মন্ত্রণালয় পেয়েছে বিজেপি এবং ১৪টি জেডিইউ।

ভারতের রাজনৈতিক ইতিহাসে এ এক নজির। যদি সরকার পূর্ণ মেয়াদ অর্থাৎ পাঁচ বছর টিকে থাকে, তবে সবচেয়ে দীর্ঘসময় মুখ্যমন্ত্রী থাকার রেকর্ডও নীতিশ কুমারের দখলে যাবে।

বিহারের ২৪৩ আসনের বিধানসভায় দুই দফায় ভোট হয় ৬ ও ১১ নভেম্বর। নির্বাচন কমিশনের হিসাবে এবার ভোট পড়েছে ৬৭ শতাংশ। ঘোষিত ফল অনুযায়ী, ২৪২টি আসনের মধ্যে ২০২টিতে জয় পেয়েছে বিজেপি–জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট। কংগ্রেস–আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধন পেয়েছে ৩৫টি আসন।

এনডিএ জোটে বিজেপি পেয়েছে ৮৯টি আসন এবং জেডিইউ ৮৫টি। এছাড়া লোক জানশক্তি পার্টি পেয়েছে ১৯ আসন ও আওয়াম মোর্চা পেয়েছে ৫ আসন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগ দেন বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডুও।