হল ছাড়ছেন ঢাবি শিক্ষার্থীরা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর রবিবার সকাল থেকেই আবাসিক হলগুলো খালি করতে শুরু করেছেন শিক্ষার্থীরা। প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে বিভিন্ন হল থেকে তারা বেরিয়ে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে অধিকাংশ শিক্ষার্থী স্বাগত জানিয়েছেন। রোকেয়া হলের কয়েকজন শিক্ষার্থী জানান, ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ার পর তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছিল। তারা মনে করেন, বন্ধের এই সময়টুকু জরুরি সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

ক্যাম্পাসের বহু হল—রোকেয়া হল, মহসিন হল, শহীদুল্লাহ হলসহ—দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় আছে। নিরাপদ আবাসনের দাবিতে শনিবার রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন কয়েকজন আবাসিক শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সাম্প্রতিক ভূমিকম্পের পর ভবনগুলোর ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় মেরামত জরুরি হয়ে পড়েছে। সেই কারণেই ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে, এবং রোববার বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।