বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ৫:০০ অপরাহ্ন

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করছে—যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আবহাওয়া বিশেষজ্ঞদের প্রাথমিক বিশ্লেষণ। বর্তমানে নিম্নচাপটি ‘সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে’ পরিণত হয়েছে এবং আরও ঘনীভূত হয়ে সোমবারের মধ্যেই নিম্নচাপে রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের আবহাওয়া সংস্থাগুলো বলছে, সিস্টেমটি উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে কোন উপকূলে এটি আঘাত হানতে পারে—তা এখনো নিশ্চিত নয়। নিম্নচাপটি দক্ষিণ আন্দামান সাগরের দিকে সরে গিয়ে ২৫ নভেম্বরের মধ্যে আরও শক্তি অর্জন করবে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়াবিদরা জানান, মালাক্কা প্রণালী ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অনুকূল পরিবেশ, সমুদ্রপৃষ্ঠের বৃহৎ উষ্ণ জলের স্তর এবং প্রশান্ত মহাসাগর থেকে আগত শক্তিশালী বায়ুপ্রবাহ নিম্নচাপটিকে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার উপযোগী পরিস্থিতি তৈরি করছে। শীতল বায়ুর প্রভাব কম থাকায় সিস্টেমটি দ্রুত তীব্র হওয়ার সম্ভাবনাও বাড়ছে।

২৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যেই নিম্নচাপটির তীব্রতা সবচেয়ে বেশি বাড়তে পারে। এ সময়ের মধ্যে অন্ধ্র প্রদেশ–ওড়িশা উপকূলের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সিস্টেমটি শক্তিশালী রূপ নিতে পারে বলে বিশেষজ্ঞদের পূর্বাভাস।

বাতাসের গতিবেগ ২৫ নভেম্বর সন্ধ্যা থেকে ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ২৬ নভেম্বর তা বেড়ে ৬০–৮০ কিলোমিটার এবং ২৭ নভেম্বর ঘণ্টায় ১০০ কিলোমিটারের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার এই সিস্টেমটি ২ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।