আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ কর বছরের রিটার্ন এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। রোববার এক সরকারি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় সংস্থাটি।

এনবিআর জানায়, ই-রিটার্ন ব্যবস্থায় নিবন্ধনজনিত জটিলতার কারণে করদাতারা যেন ক্ষতিগ্রস্ত না হন—সেই বিবেচনায় সময় বাড়ানো হয়েছে। পাশাপাশি, অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে করদাতারা ১৫ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক ব্যাখ্যাসহ আবেদন করতে পারবেন।

এ বছর অনলাইন রিটার্ন দাখিলকে আরও কঠোর করা হয়েছে। ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সকল ব্যক্তি করদাতার জন্য ই-রিটার্ন এখন বাধ্যতামূলক।

রাজস্ব বোর্ড বলছে, ডিজিটাল করব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ, যা করদাতাদের জন্য প্রক্রিয়াকে স্বচ্ছ ও সহজ করতে সহায়ক হবে।