ধর্মেন্দ্রর রেখে যাওয়া সম্পত্তির পরিমাণ কত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন

বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে পরলোকে যান। দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমার মাধ্যমে কোটি মানুষের মন জয় করা এই অভিনেতা শুধু অভিনয়েই নয়, ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে সমান সফল ছিলেন।

১৯৬০ সালে ‘দিল ভি তেরা, হাম ভি তেরে’ দিয়ে বলিউডে পা রাখা ধর্মেন্দ্র প্রথম সিনেমার পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৫১ রুপি। পরবর্তী সময়ে ‘শোলে’, ‘প্রতিজ্ঞা’, ‘সীতা অর গীতা’, ‘ধরমবীর’সহ বহু সুপারহিট সিনেমার মাধ্যমে তিনি কিংবদন্তি হয়ে ওঠেন।

অভিনয়ের পাশাপাশি ধর্মেন্দ্র ব্যবসাতেও সাফল্য অর্জন করেন। মুম্বাইয়ের লোনাভালায় তার ১০০ একরের বিলাসবহুল ফার্মহাউস রয়েছে, যেখানে রয়েছে সুইমিং পুল, থেরাপি এরিয়া, বাগানসহ আধুনিক সুযোগ-সুবিধা। এছাড়া মুম্বাই ও মহারাষ্ট্রে আরও একাধিক সম্পত্তি রয়েছে, যার মোট মূল্য প্রায় ১৭ কোটি রুপি।

রেস্তোরাঁ ব্যবসাতেও তিনি সক্রিয় ছিলেন; কর্ণাল হাইওয়েতে ‘গরম ধরম ধাবা’ ও ‘হি-ম্যান রেস্তোরাঁ’-র মালিক ছিলেন। ১৯৮৩ সালে প্রতিষ্ঠা করেন নিজের প্রযোজনা সংস্থা বিজেতা ফিল্মস, যার মাধ্যমে বহু সিনেমা নির্মিত হয়েছে। বিজ্ঞাপন, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও কমার্শিয়াল শ্যুট থেকেও তিনি উল্লেখযোগ্য আয় করতেন।

অভিনয়, ব্যবসা এবং বিনিয়োগ মিলিয়ে ধর্মেন্দ্র তার পরিবারকে বিপুল সম্পদ ও স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন।