শেখ হাসিনার জব্দকৃত ৮৩২ ভরি গয়না


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের নামে থাকা দুটি ব্যাংকের তিনটি লকার খুলে মোট ৯ কেজি ৭০৭ গ্রাম (৮৩২ ভরি) স্বর্ণালঙ্কার উদ্ধারের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদ বিবরণী পুনঃযাচাইয়ের অংশ হিসেবে এই অনুসন্ধান পরিচালিত হয়।

বুধবার দুদক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, আদালতের নির্দেশে পূবালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের লকারগুলো খোলা হয়। বিচারিক ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ বিশেষজ্ঞ, এনবিআরের কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ণালী ব্যাংকের একটি লকারে পাওয়া যায় কেবল একটি খালি পাটের ব্যাগ।
অপর দুটি লকার—একটি শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলের নামে এবং অন্যটি শেখ হাসিনা ও শেখ রেহানার নামে—থেকে উদ্ধার করা হয় প্রায় ৯ দশমিক ৭ কেজি স্বর্ণালঙ্কার, যার মধ্যে রয়েছে বিভিন্ন অলঙ্কার ও একটি স্বর্ণের নৌকা।

দুদক জানায়, লকারের বর্ণনা ও চিরকুট অনুযায়ী এসব স্বর্ণ শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের (রেহানা সিদ্দিকী, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় ও ববি) হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তালিকা প্রস্তুতের পর স্বর্ণ সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোর জিম্মায় রাখা হয়েছে।

সংস্থাটি বলেছে, স্বর্ণের মালিকানা, প্রকৃত মূল্যায়ন ও আইনগত দায়–দায়িত্ব নির্ধারণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।