ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সোমবার প্রকাশিত সিদ্ধান্তে উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক মো. হাবিব উল্লাহ ডনকে সভাপতি এবং রাসেল কবির সুমনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আশা করছে, এ কমিটি দীর্ঘদিন ধরে স্তিমিত ব্যাডমিন্টনকে নতুনভাবে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।

হাবিব উল্লাহ ডন তিন দশক ধরে দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির সহসভাপতি হিসেবে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন এবং জিমন্যাস্টিক ও ভলিবল ফেডারেশনের সহসভাপতি হিসেবে তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিকাশে ভূমিকা রেখেছেন। গুলশান ব্যাডমিন্টন ক্লাবের অন্যতম সংগঠক হিসেবেও তিনি পরিচিত।

ব্যবসায়িক অঙ্গনে এ.এম. গ্রুপের চেয়ারম্যান ডন এফবিসিসিআইয়ের সহসভাপতি ও বারভিডার চার মেয়াদের সভাপতি হিসেবে বেসরকারি খাতের উন্নয়নেও অবদান রেখেছেন।

নতুন কমিটি গঠনে ব্যাডমিন্টনসংশ্লিষ্ট মহলে আশাবাদ দেখা দিয়েছে। জেলা–উপজেলা পর্যায়ে অবকাঠামো উন্নয়ন ও নিয়মিত জাতীয়–আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনে কমিটি সক্রিয় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।